জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে আদালতের দেওয়া রায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তুষ্ট হননি জানিয়ে মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিটির সূত্রপাত অনুসন্ধানে গত ১৭ তারিখ বিকেল ৫ টা ৫২ মিনিটে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ❤️’ নামের একটি ফেসবুক গ্রুপে নিষ্পাপ শয়তান নামের একটি অ্যাকাউন্ট থেকে করা এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে ব্যবহৃত ফটোকার্ডে বাংলাদেশ প্রতিদিনের ফটোকার্ডের আদলে তৈরি একই দাবির একটি ফটোকার্ড দেখতে পাওয়া যায়। বাংলাদেশ প্রতিজনের স্লোগান ‘আমরা ভারতের বিপক্ষে’ থেকেই বোঝা যাচ্ছে এটি একটি সার্কাজম পোস্ট।

পোস্টে কথিত মন্তব্যটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় বা কবে করেছেন সে বিষয়ে কোনো তথ্য বা সংবাদ প্রতিবেদনের লিংক দেওয়া হয়নি। এছাড়াও নিষ্পাপ শয়তান নামের অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, অ্যাকাউন্টটিতে নিয়মিতই বিভিন্ন ব্যক্তির নামে এমন মনগড়া মন্তব্য প্রচার করা হচ্ছে। মূলত, এই অ্যাকাউন্টের পোস্টের পর এই ফটোকার্ডটি ভাইরাল হতে শুরু করে।
অনুসন্ধানে রুমিন ফারহানার এমন মন্তব্য করার প্রমাণ মেলেনি। তার ফেসবুক পেজেও উক্ত দাবি সম্বলিত কোনো পোস্ট বা কমেন্টের নজির পাওয়া যায়নি। বরং, শেখ হাসিনার ফাঁসির রায়ের পক্ষে তার ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে তিনি বলেন, ‘আমরা মনে করি, আজকের রায় শুধু শেখ হাসিনার অপরাধের রায় নয়, বরং এ রায়ের মাধ্যমে দেশের মাটিতে সব ধরনের একনায়কতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছে।’
এছাড়াও অনুসন্ধানে গতকাল অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শেখ হাসিনার ফাঁসির রায়ের পক্ষে বক্তব্য প্রদান করতে দেখা যায়।
সুতরাং, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট হননি বলে মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mirza Fakhrul Islam Alamgir Facebook Post
- Jamuna TV Youtube Channel: শেখ হাসিনার ফাঁসির রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: মির্জা ফখরুল
- Rumor Scanner’s Analysis


