অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ‘অনেক আশা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম। কিছুদিন পরে দেখি আমরা কাঠের পুতুল। সব সিদ্ধান্ত বিশেষ একটা দেশ থেকে আসে আর কিচেন ক্যাবিনেট সেটা বাস্তবায়ন করে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তৌহিদ হোসেন আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজে গত ২৫ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘Bengali Steam’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তৌহিদ হোসেনের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bengali Steam – Facebook Post

