আ.লীগ ও জামায়াতকে জড়িয়ে গোলাম মওলা রনির নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে জামায়াতকে ফাঁসিয়ে দিয়েছে। পাকিস্তান আর্মির কুকর্ম জামাতের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। জামাত কখনো খু/ন ধ/র্ষ/ন করে না! তারা পাক সেনার ক্যাম্প থেকে নারিদের বাড়ি পৌঁছে দিয়েছে!’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ ও জামায়াতকে জড়িয়ে আলোচিত মন্তব্য করেননি গোলাম মাওলা রনি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে গোলাম মাওলা রনির সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

সাধারণত জনপরিচিত কোনো ব্যক্তি, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু গোলাম মওলা রনি আওয়ামী লীগ ও জামায়াতকে নিয়ে এমন কোনো মন্তব্য করেছেন বলে বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গোলাম মওলা রনি তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ বিষয়ে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করে থাকেন। তার এসব আলোচনার পর্যালোচনায় আলোচিত মন্তব্য পাওয়া যায়নি।

সুতরাং, আওয়ামী লীগ ও জামায়াতকে জড়িয়ে গোলাম মওলা রনির নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: