গত ০৬ জুলাই ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পর সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেদিন রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে এ বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। এরই প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘গতকালকের সাভারের ঘটনায় র’ক্তা’ক্ত জুতা দেখলাম কিন্তু র’ক্তা’ক্ত কোনো মানুষ খুঁজে পেলাম না!’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে গোলাম মাওলা রনি আলোচিত মন্তব্যটি করেননি৷ প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
সাধারণত জনপরিচিত কোনো ব্যক্তি, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু গোলাম মাওলা রনি এনসিপির সাম্প্রতিক সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে এমন কোনো মন্তব্য করেছেন বলে বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে তথ্য পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ০৭ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। .

‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে এটি ‘Satire/Parody’ প্লাটফর্ম বলে উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

গোলাম মাওলা রনি এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে গোলাম মাওলা রনি নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Gupto Television – Facebook Post
- Golam Maula Rony: Facebook Page
- Golam Maula Rony: YouTube Channel


