তারেক রহমানকে জড়িয়ে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জুলাই অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার প্রসঙ্গে ‘পুলিশ হত্যার বিচার করতে গেলে সবার আগে তারেক রহমান ফেঁসে যাবেন, তাই এই বিচার হওয়া সম্ভব নয়’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার।

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমানকে জড়িয়ে পুলিশ হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্য প্রমাণ ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রীর নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘ধ্বজভঙ্গ টিভি || বিনোদন’ শীর্ষক একটি লোগো দেখতে পাওয়া যায়। তবে অনুসন্ধানে এই নামের কোনো ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়নি। পাশাপাশি পোস্টটিতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্রের উল্লেখও নেই। পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে MD Al-Amin নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১ মার্চ বিকেল ৪ টা ৪৫ মিনিটে উক্ত ফটোকার্ড সংবলিত সম্ভাব্য প্রথম পোস্টটি হতে দেখা যায়। কিন্তু এই পোস্টটিতেও তথ্যটির কোনো সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে উক্ত অ্যাকাউন্টটি পর্যালোচনা করে ধ্বজভঙ্গ টিভির লোগো সংবলিত বেশকিছু ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। যা থেকে ধারণা করা যাচ্ছে, ফটোকার্ডগুলো উক্ত অ্যাকাউন্ট ব্যবহারকারী-ই তৈরি করে সেগুলো প্রচার করছেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেই অনুযায়ী চলবে।’ শীর্ষক মন্তব্য করেন। তবে পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী এবিষয়ে কোনো বক্তব্য প্রদানের বিষয়টি অস্বীকার করে জানান, তিনি পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে কোনো মন্তব্যই করেননি। মহাসচিবের এমন মন্তব্য করার বিষয়টিও তার বোধগম্য হয়নি বলে জানান তিনি।

সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ‘পুলিশ হত্যার বিচার করতে গেলে সবার আগে তারেক রহমান ফেঁসে যাবেন, তাই এই বিচার হওয়া সম্ভব নয়’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis
Share: