ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণকে আমূল পাল্টে দিয়ে বিধানসভা নির্বাচনে বড় জয় ছিনিয়ে আনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির এই বিজয়ের ঘটনায় বাংলাদেশের অন্যতম ডানপন্থী দল জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ‘পশ্চিমবঙ্গে বিজেপির মত ধর্মব্যবসায়ীদের উত্থান আমাদের জন্য অশনিসংকেত। জনগনের উচিত ছিলো এমন ধর্মব্যবসায়ীদের বয়কট করা।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. শফিকুর রহমান ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে দাবির সপক্ষে পোস্টটিতে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত মন্তব্যের পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ৪ মে দুপুর ১২ টা ২০ মিনিটে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।
‘Gupto Television’ নামের পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ‘পশ্চিমবঙ্গে বিজেপির মত ধর্মব্যবসায়ীদের উত্থান আমাদের জন্য অশনিসংকেত। জনগনের উচিত ছিলো এমন ধর্মব্যবসায়ীদের বয়কট করা।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Gupto Television Facebook Post
- Rumor Scanner’s Analysis


