ছাত্রলীগ ও শিবিরকে জড়িয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির “ছাত্রলীগের সবাই খারাপ এটা আপনি বলতে পারেন না, তাদের মধ্যে এমন অনেক আছে যারা মানবিক দিক দিয়ে শিবিরের চেয়ে হাজারগুণে ভাল, যেমন গোলাম রাব্বানী” বলে মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ছাত্রলীগ প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে গত ০৩ নভেম্বর ‘ঢাবি কণ্ঠস্বর’ নামের একটি পেজে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

পোস্টে কথিত মন্তব্যটি নাসির উদ্দিন নাসির কোথায় বা কবে করেছেন সে বিষয়ে কোনো তথ্য বা সংবাদ প্রতিবেদনের লিংক যুক্ত করা হয়নি। পেজটি পর্যালোচনা করে দেখা যায়, পেজে নিয়মিতই বিভিন্ন ব্যক্তির নামে এমন মনগড়া মন্তব্য প্রচার করা হচ্ছে। দেখুন: এখানে, এখানে এবং এখানে।
চলতি বছরের ২৮ আগস্ট ‘DU Fact Check’ নামে পেজটি চালু করা হলেও পরবর্তীতে গত ২৩ অক্টোবর নাম বদলে ‘ঢাবি কণ্ঠস্বর’ নাম রাখা হয়। মূলত, এই পেজের পোস্টের পর আলোচিত এই ফটোকার্ডটি ভাইরাল হতে শুরু করে।
এছাড়া, অনুসন্ধানে নাসির উদ্দিন নাসিরের এমন মন্তব্য করার প্রমাণ মেলেনি। তার ফেসবুক প্রোফাইলেও উক্ত দাবি সম্বলিত কোনো পোস্ট বা কমেন্টের নজির পাওয়া যায়নি।
পাশাপাশি, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও নাসির উদ্দিন নাসিরের এই বক্তব্যের কোনো প্রমাণ মেলেনি।
অর্থাৎ, ছাত্রলীগ প্রসঙ্গে ছাত্রদল সাধারণ সম্পাদক আলোচিত মন্তব্যটি করেননি।
সুতরাং, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির “ছাত্রলীগের সবাই খারাপ এটা আপনি বলতে পারেন না, তাদের মধ্যে এমন অনেক আছে যারা মানবিক দিক দিয়ে শিবিরের চেয়ে হাজারগুণে ভাল, যেমন গোলাম রাব্বানী” বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis

