জুলাই সংক্রান্ত পোস্টে লীগ কর্মীদের প্রতিক্রিয়া নিয়ে ঢাবি ছাত্রদল নেত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রদলের আহবায়ক তাওহিদা সুলতানা “জুলাই নিয়ে কিছু বললেই লীগের সন্ত্রাসীরা হাহা আর নেগেটিভ কমেন্ট করে সাধারণ মানুষদের কাছে সেটা হাসির পাত্র বানিয়ে ফেলে। এদের বিরুদ্ধে বলার কেউ নাই?” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাওহিদা সুলতানা ছাত্রদলকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। পরবর্তীতে তাওহিদা সুলতানার ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখলেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায় না।
পরবর্তীতে ফটোকার্ডটির সূত্রপাত অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ১ জুলাই সকাল ১১ টা ২৪ মিনিটে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।
‘Gupto Television’ নামের পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, জুলাই ও আ.লীগ নিয়ে ছাত্রদল নেত্রী তাওহিদা সুলতানার নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Tawhida Sultana Facebook Profile
- Rumor Scanner’s Analysis

