তারেক রহমানকে নিয়ে রুহুল কবির রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘যারা আমাদের প্রধানমন্ত্রীর গাড়ি চালানো দেখে অবাক হচ্ছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, উনি ১৭ বছর ইংল্যান্ডে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। লেখাপড়া কম থাকায় অন্য কোন চাকরি পাননি।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ছবিটি প্রায় ১৩ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে নিয়ে আলোচিত মন্তব্য করেননি রুহুল কবির রিজভী। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও বিএনপির ফেসবুক পেজ, মিডিয়া সেলে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

সাধারণত দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি, বিশেষ করে প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিকে নিয়ে আলোচিত মন্তব্য করলে সেটি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে এমন মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, তারেক রহমানকে নিয়ে রুহুল কবির রিজভীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
Share: