এনসিপিকে জড়িয়ে রুহুল কবির রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। এছাড়াও দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানীও এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দলের নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমের সাথে জড়িত না থাকার ঘোষণা দেন নুসরাত তাবাসসুম, মাহফুজ আলমের মত নেতাকর্মীরা। এর প্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এনসিপিকে উদ্দেশ্যে করে ‘এনসিপি নাম পরিবর্তন করে “জাতীয় পদত্যাগ পাটি” করার আহ্বান’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

ফেসুবকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী ‘এনসিপি নাম পরিবর্তন করে “জাতীয় পদত্যাগ পাটি” করার আহ্বান’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের নামে পরিচালিত স্যাটায়ার পেজ থেকে এনসিপিকে জড়িয়ে রুহুল কবির রিজভীর নামে আলোচিত ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডটির বামপাশে উপস্থিত গণমাধ্যমের লোগোটি ইমোজি দিয়ে ঢেকে দেওয়া হলেও ডানপাশে উপরে gojobvision লেখা রয়েছে। এছাড়াও ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৩৬ জুলাই, ২০২৫ ‍উল্লেখ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি গত ২৮ ডিসেম্বর বিকেল ৫ টা ২০ মিনিটে প্রথম ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের নামে পরিচালিত স্যাটায়ার পেজ গুজবভিশনের পেজে প্রচার করা হয়। মূলত, গুজবভিশনের ফটোকার্ডটির লোগো ইমোজি দিয়ে ঢেকে রুহুল কবির রিজভীর বাস্তব মন্তব্য দাবিতে ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে মূল গণমাধ্যম বাংলাভিশনে এমন কোনো ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়নি। এমনকি অন্যকোনো গণমাধ্যমেও রুহুল কবির রিজভীর এনসিপিকে উদ্দেশ্য করে আলোচিত মন্তব্যটি করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু উভয় পোস্টের মন্তব্যের ঘর পর্যালোচনা করে দেখা যায়, অনেকেই রুহুল কবির রিজভীর নামে প্রচারিত মন্তব্যটি বাস্তব ভেবে বিভ্রান্ত হয়েছেন।

সুতরাং, রুহুল কবির রিজভী জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে ‘এনসিপি নাম পরিবর্তন করে “জাতীয় পদত্যাগ পাটি” করার আহ্বান’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • GojobVision Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: