আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ইস্যুতে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার

গত ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে প্রকাশিত প্রাথমিক এই তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম অন্তর্ভুক্ত হয়নি। এর প্রেক্ষিতে পরদিন অর্থাৎ, ৪ নভেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনোনয়ন বিষয়ে রুমিন ফারহানার মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। প্রচারিত ফটোকার্ডটিতে দাবি করা হয়, দলের মনোনয়ন না পাওয়ার বিষয়ে রুমিন ফারহানা ‘আমি মনোনয়ন চাইনি দল থেকে, কারণ আমি এমপি ইলেকশন করবো না। ঢাকা সিটির মেয়র নির্বাচনে ধানের শীষে মেয়র নির্বাচন করব।’ শীর্ষক মন্তব্য করেছেন। 

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি নেত্রী রুমিন ফারহানা দলের মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে গত ০৪ নভেম্বর ‘ঢাবি কণ্ঠস্বর’ নামের একটি পেজে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

পোস্টে কথিত মন্তব্যটি রুমিন ফারহানা কোথায় বা কবে করেছেন সে বিষয়ে কোনো তথ্য বা সংবাদ প্রতিবেদনের লিংক দেওয়া হয়নি। পেজটি পর্যালোচনা করে দেখা যায়, পেজে নিয়মিতই বিভিন্ন ব্যক্তির নামে এমন মনগড়া মন্তব্য প্রচার করা হচ্ছে। চলতি বছরের ২৮ আগস্ট ‘DU Fact Check’ নামে পেজটি চালু করা হলেও পরবর্তীতে নাম বদলে বর্তমান নাম রাখা হয়। এই পেজের পোস্টের পর এই ফটোকার্ডটি ভাইরাল হতে শুরু করে।

অনুসন্ধানে রুমিন ফারহানার এমন মন্তব্য করার প্রমাণ মেলেনি। তার ফেসবুক প্রোফাইলেও উক্ত দাবি সম্বলিত কোনো পোস্ট বা কমেন্টের নজির পাওয়া যায়নি।

এছাড়াও অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল ২৪-এর টকশো মুক্তবাক-এ রুমিন ফারহানাকে মনোনয়ন না পাওয়া বিষয়ে কথা বলতে দেখা যায়। সেখানেও তাকে আলোচিত দাবির পক্ষে কোনো মন্তব্য করতে শোনা যায়নি। বরং, তিনি দলের নতুন জোট গঠন ও প্রার্থীর আধিক্যের মত সংকটের কথা উল্লেখ করে বলেন, তার মনোনয়ন বর্তমানে ‘অন হোল্ড’ অবস্থায় রয়েছে। ৬৩টি আসন এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। চূড়ান্ত তালিকায় বেশকিছু পরিবর্তন হতে পারে।

অর্থাৎ, মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে রুমিন ফারহানার আলোচিত মন্তব্যটি করেননি।

সুতরাং, রুমিন ফারহানা ধানের শীষ প্রতীকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশগ্রহণ করবেন জানিয়ে মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: