সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক সাহেদ আলম ‘সংসদে এত এতো হুজুর দেখে চিন্তা করছি, কখন না জানি সংসদেও বলাৎকার শুরু হয়ে যায়’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সংসদে এত এতো হুজুর দেখে চিন্তা করছি, কখন না জানি সংসদেও বলাৎকার শুরু হয়ে যায়’ শীর্ষক মন্তব্য করেননি সাহেদ আলম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ১২ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
এছাড়া, সাহেদ আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এই সংক্রান্ত ফটোকার্ডটি শেয়ার করে লিখেছেন, ‘আমার নামে যত ফটোকার্ড হয়, তার ৯৯ ভাগ কথা আমি জীবনে কোনোদিন বলিনাই! তোমাদের ঘরে কি বাপ-ভাই নাই? যতসব ভুয়া কোম্পানি!’
সুতরাং, সাহেদ আলম ‘সংসদে এত এতো হুজুর দেখে চিন্তা করছি, কখন না জানি সংসদেও বলাৎকার শুরু হয়ে যায়’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক মোল্লার দেশ – Facebook Post
- Rumor Scanner’s analysis


