জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসানের নামে ভুয়া মন্তব্য প্রচার

বিগত অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাম্প্রতিক সময়ে জুলাই অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল প্রসঙ্গে “জুলাই-আগস্ট আমরাই ধ্বংস করেছি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সৈয়দা রিজওয়ানা হাসান আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, সংবাদভিত্তিক ফেসবুক পেজ দাবিকারী একটি ভুঁইফোড় পেজ থেকে কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে ও তার ছবি ব্যবহার করে আলোচিত তথ্যটি প্রচার করা হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান এমন মন্তব্য করলে তা নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং সংবাদ আকারেও প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এছাড়া, সৈয়দা রিজওয়ানা হাসানের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্যের তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। প্রায় প্রতিটি ফটোকার্ড-ই ‘বাংলা নিউজ’ লেখা একটি লোগো দেখতে পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে, ‘Bangla News’ নামক একটি ফেসবুক পেজে গত ৫ মার্চ বিকেল ৪ টা ২৩ মিনিটে আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রচারিত হতে দেখা যায়।

উক্ত পোস্টেও আলোচিত দাবির পক্ষে কোনো প্রকার তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। বাংলা নিউজ নামের পেজটি পর্যালোচনা করে এরকম অসংখ্য পোস্টের সন্ধান পাওয়া যায় যেগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই বিভিন্ন মন্তব্য প্রচার করা হয়েছে। পাশাপাশি পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এটি ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর Dream Society নামে চালু করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২২ আগস্ট পেজটির নাম পরিবর্তন করে Bangla News করা হয়। এরপর থেকেই মূলত পেজটি থেকে বিভিন্ন ব্যক্তির নামে এমন ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়ে থাকে।

সুতরাং, সৈয়দা রিজওয়ানা হাসান “জুলাই-আগস্ট আমরাই ধ্বংস করেছি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Bangla News Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: