বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের উদ্দেশ্যে তারেক রহমানের মন্তব্য দাবিতে ভুয়া তথ্য প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কয়েক দফায় বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়াও মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বেশ কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করে দলটি। এসব ঘটনায় দলটির বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশী ও প্রার্থীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ ও অবরোধ করেন। এর প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ‘মনোনয়ন বঞ্চিত হয়ে জামায়াতের কেউ কাফন মিছিল করেনি, প্রতিপক্ষের উপর হামলা করেনি, রাস্তা-রেললাইনে আগুন ধরিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেনি। তাদের কাছ থেকে শিখু।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ‘মনোনয়ন বঞ্চিত হয়ে জামায়াতের কেউ কাফন মিছিল করেনি, প্রতিপক্ষের উপর হামলা করেনি, রাস্তা-রেললাইনে আগুন ধরিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেনি। তাদের কাছ থেকে শিখুন।’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের নামে পরিচালিত স্যাটায়ার পেজ থেকে বিএনপিকে জড়িয়ে তারেক রহমানের নামে আলোচিত ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডটির বামপাশে উপরে BHANGA VISION লেখা একটি লোগো দেখতে পাওয়া যায়। যেটি মূলত বাংলাভিশনের লোগোর ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে। এছাড়াও ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ ডিসেম্বর, ২০২৫ ‍উল্লেখ করা হয়েছে।

কিন্তু ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের ফেসবুক পেজ পর্যালোচনা করে ২৮ ডিসেম্বর কিংবা অন্য কোনোদিন এমন কোনো ফটোকার্ড বা এর সাথে সাদৃশ্যপূর্ণ কোনো ফটোকার্ড প্রচার করতে দেখা যায়নি। এছাড়াও অন্যকোনো গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য মাধ্যম তারেক রহমানকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আলোচিত মন্তব্যটি করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের নামে পরিচালিত স্যাটায়ার পেজ BhangaVision-এ গত ২৯ ডিসেম্বর রাত ১ টা ১ মিনিটে আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রকাশ করা হয়।

এরপর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রচারিত হতে দেখা যায়। পাশাপাশি আলোচিত ফটোকার্ড সংবলিত পোস্টটির মন্তব্যের ঘর পর্যালোচনা করে দেখা যায়, অনেকেই তারেক রহমানের নামে প্রচারিত মন্তব্যটি বাস্তব ভেবে বিভ্রান্ত হয়েছেন।

অর্থাৎ, তারেক রহমানের নামে মূলধারার গণমাধ্যম বাংলাভিশনের নামের প্রচারিত স্যাটায়ার পেজ থেকে করা পোস্টটি বাস্তব দাবিতে প্রচারিত হচ্ছে।

সুতরাং, তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ‘মনোনয়ন বঞ্চিত হয়ে জামায়াতের কেউ কাফন মিছিল করেনি, প্রতিপক্ষের উপর হামলা করেনি, রাস্তা-রেললাইনে আগুন ধরিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেনি। তাদের কাছ থেকে শিখু।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • BhangaVision Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: