জামায়াতে ইসলামীকে জড়িয়ে আবু হেনা রাজ্জাকীর নামে একাধিক ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী আবু হেনা রাজ্জাকীর ভিন্ন ভিন্ন মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট প্রচারিত হতে দেখা যায়। 

প্রচারিত পোস্টগুলোর একটিতে দাবি করা হয় আবু হেনা রাজ্জাকী জামায়াতে ইসলামীকে নিয়ে ‘জামায়াতে ইসলামির জান্নাতের টিকিট এখন লস প্রজেক্ট, পিনাকীর কথায় জামায়াত অস্তিত্ব হারাচ্ছে’ শীর্ষক মন্তব্য করেছেন। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

আরেকটি পোস্টে দাবি করা হয় তিনি ‘দেশে শরিয়াহ আইন হলেও মেয়েরা হাফ প্যান্ট পড়তে পারবে। জামায়াতের এমন মন্তব্য মোনাফেকি’ শীর্ষক মন্তব্য করেছেন। উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

অপর আরেকটি পোস্টে দাবি করা হয় আবু হেনা রাজ্জাকী জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ‘জামায়াতে ইসলামী যে এতো বড় মোনাফেক আগে বুঝতে পারিনি’ শীর্ষক মন্তব্য করেছেন। আলোচিত দাবি সংবলিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

আবু হেনা রাজ্জাকী জামায়াতে ইসলামীকে নিয়ে ‘’ইনসাফ’ জামায়াতে ইসলামির নতুন ধান্ধা। জান্নাতের টিকিট এখন লস প্রজেক্ট, নতুন প্রজেক্ট ইনসাফ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতেও আরেকটি পোস্ট ফেসবুক প্রচারিত হতে দেখা যায়। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী আবু হেনা রাজ্জাকীর জামায়াতে ইসলামীকে নিয়ে আলোচিত মন্তব্যগুলো করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে আলোচিত মন্তব্যগুলো করেননি।

এবিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে আইনজীবী আবু হেনা রাজ্জাকীর এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তার ইউটিউব চ্যানেলটি পর্যালোচনা করেও সেখানে প্রচারকৃত ভিডিওগুলোতেও তাকে আলোচিত মন্তব্যগুলো করতে দেখা যায়নি।

অনুসন্ধানে লক্ষ্য করা যায়, আবু হেনা রাজ্জাকীর নামে প্রচারিত একটি পোস্টগুলো Akter Ahmed নামের একটি অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন সময় প্রচার করা হয়েছে। যা থেকে ধারণা করা যাচ্ছে, মন্তব্যগুলো ভুয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে দাবিগুলোর সত্যতা যাচাইয়ে আবু হেনা রাজ্জাকীর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, জামায়াতে ইসলামীকে জড়িয়ে তার নামে প্রচারিত মন্তব্যগুলো আসল নয়। এছাড়াও তার নামে প্রায়শই ফেসবুকে এমন ভুয়া মন্তব্য প্রচার করা হয় বলে তিনি জানান।

সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী আবু হেনা রাজ্জাকীর নামে প্রচারিত মন্তব্যগুলো সম্পূর্ণ ভুয়া।

তথ্যসূত্র

  • Statement of Adv. Abu Hena Razzaki 
  • Rumor Scanner’s Analysis
Share: