ফ্যামিলি কার্ডের বিষয়ে ছাত্রদল নেতা আবিদের নামে ভুয়া মন্তব্য প্রচার

বিএনপি ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় ফ্যামিলি কার্ডের বিষয় বিএনপির পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন- ‘যার জীবনে একটা ফ্যামিলি কার্ড থাকবে তার আর কোনো কিছুর প্রয়োজন হবেনা। তার পুরো পরিবারের আর কাউকে কাজ করতে হবেনা’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান ‘ফ্যামিলি কার্ড থাকলে আর কোনো কাজ করতে হবেনা’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আবিদুল ইসলাম খানের নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Daily DUCSU’ নামের একটি ফেসবুক পেজে গত ২৫ জানুয়ারিতে আলোচিত দাবির মূল পোস্ট পাওয়া যায়। পোস্টটি পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, আবিদুল ইসলাম খানের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে আবিদুল ইসলাম খান এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা উপরোক্ত অন্তত কোনো সূত্রে পাওয়া যেত।
সুতরাং, আবিদুল ইসলাম খান ‘ফ্যামিলি কার্ড থাকলে আর কোনো কাজ করতে হবেনা’ শীর্ষক মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Md. Abidul Islam Khan – Facebook Account
- Rumor Scanner’s analysis

