জামায়াতের আমীরের সাথে ব্যক্তিগতভাবে সময় ব্যয় করা সংক্রান্ত কোনো মন্তব্য করেননি ঢাবি শিক্ষিকা মোনামী

কর্মজীবী নারীকে অবমাননা করে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে চলছে বিতর্ক ও উত্তেজনা। তবে জামায়াত দাবি করেছে, অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) বলেছেন- “জামাতের আমিরের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় ব্যয় করেছি কিন্তু তার নারীদের প্রতি যে সন্মান ভালোবাসা সেটি আমাকে বিমোহিত করেছে। তার এধরের শব্দ বলা আমি বিশ্বাস করি না”।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে হওয়া পোস্টের ইস্যুতে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে হওয়া পোস্টের ইস্যুর পর এ বিষয়ে এখন পর্যন্ত মোনামীকে দুইটি পোস্ট করতে দেখা যায়, যার কোনোটিতেই আলোচিত মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।

এ বিষয়ে গত ১ ফেব্রুয়ারিতে একটি পোস্ট শেয়ার করে মোনামী লিখেন, ‘গতকাল থেকে জামায়াত ইস্যু তে আমাকে রিলেট করে অনেকেই অনেক রকম কথা বলছেন। আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই যে রাজনীতির সব বিষয়ে আমাকে রেসপন্স করতে হবে। শারীরিক ভাবে অসুস্থ থাকায় গতকাল রাতে আমি সোস্যাল মিডিয়ায় ছিলাম না। আজ ঘুম থেকে উঠে সেই ভাইরাল পোস্ট দেখি, এবং ইতোমধ্যে জামায়াত থেকে এর রেসপন্স/ক্লারিফিকেসন এসেছে। জামায়াতের এই এক্সপ্ল্যানেইশন শুনে আমার মনেহয়নি সেই পোস্ট টি তাদের টীমের পক্ষ থেকে দেয়া হয়েছে। জামাত এভিডেন্স সহ তাদের ক্লেরিফিকাসন দিয়েছে and I am convinced. আপনি / আপনারা কনভিনিয়েন্সড না হলে সেটা আপনার/আপনাদের ব্যক্তিগত ব্যাপার।’

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে হওয়া পোস্টের ইস্যুতে ‘জামাতের আমিরের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় ব্যয় করেছি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Shehreen Amin Bhuiyan – Facebook Post
  • Rumor Scanner’s analysis
Share: