আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিতর্কে সালমান খান ও ধোনির নামে ভুয়া মন্তব্য ভাইরাল

বিশ্বকাপে গত ০৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ গোলের হারের পর ম্যাচটি নিয়ে বিতর্কের মধ্যেই বলিউড অভিনেতা সালমান খান এবং ভারতের সাবেক ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির কথিত বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দাবি করা হচ্ছে, সালমান খান বলেছেন, “বিশ্বকাপ শুরু থেকে এখন পর্যন্ত সর্বমোট আটটি দেশ বিশ্বকাপ জিতছে তার প্রত্যেকটাই খ্রিস্টান, তারা কোনভাবেই ইসলাম ধর্ম অনুসারীদের বঞ্চিত করা ছাড়া আর কিছুই করবে না। যদি কোন খ্রিস্টান ব্যক্তি রাও মুসলমান ধর্মের প্রতি সহানুভূতিতে দেখায় তাহলে তারা তাদের ক্যারিয়ার ও নষ্ট করে দিবে। যেমনটা করছে রোলানদোর ক্ষেতে। মিশরের সাথে ফিফা যেটি করেছে সেটি অন্যায় করেছে। মিশরের জেতা ম্যাচটি কে হারানো হয়েছে। এ কারনে একদিন ক্রিকেটের মতন ফুটবল থেকেও মুখ ফুরিয়ে নিবে ফুটবলাররা। যেমন আইসিসি ভারতের পক্ষপাতিত্ব করে। ঠিক তেমনি ফিফা আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করছে। এমনকি মুসলিম বিশ্বকে, ইহুদি রাষ্ট্র হারিয়ে দিচ্ছে। এটা মুসলমানদের সাথে অন্যায় করা হচ্ছে। মনে প্রানে মিশরের জন্য ভালোবাসা রইলো এবার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মিশর জিতেছে।”

এ সংক্রান্ত টিকটকের একটি পোস্টই দেখা হয়েছে ১ লক্ষ ৫৯ হাজারের বেশি বার। দেখুন এখানে।

অন্যদিকে, মাহেন্দ্র সিং ধোনির বক্তব্য হিসেবে “ফুটবল শুধু খেলা না, এটা কোটি মানুষের আবেগ। কিন্তু সেই আবেগ নিয়ে খেলা করছে ফিফা। সত্যকে অস্বীকার করার মানুষ নই। আজ মিশরের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, তা দেখে মনে হয়েছে তারা ন্যায্য বিচার পায়নি। কিছু সিদ্ধান্তে FIFA-এর পক্ষপাতিত্বের ছাপ স্পষ্ট ছিল। ফুটবলের সৌন্দর্য তখনই বজায় থাকে, যখন মাঠে জয়-পরাজয় নির্ধারিত হয় খেলোয়াড়দের পারফরম্যান্সে বিতর্কিত সিদ্ধান্তে নয়। ন্যায়বিচার সব দলের জন্য সমান হওয়া উচিত। কিন্তু মিশরের সাথে অন্যায় অবিচার করা হয়েছে, শুধুমাত্র ক্রিয়া অঙ্গনে ধর্মকে টেনে আনার কারণে। এটা অন্যায় করেছে ফিফা” শীর্ষক মন্তব্য প্রচার করা হয়েছে।

এ সংক্রান্ত টিকটকের একটি পোস্টই দেখা হয়েছে ২ লক্ষাধিক বার। দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সালমান খান বা মাহেন্দ্র সিং ধোনি– এই দুজনের কেউই আলোচিত মন্তব্যগুলো করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া মন্তব্য দুইটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যমে সালমান খান ও মাহেন্দ্র সিং ধোনির এমন মন্তব্য করার বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি৷ পরবর্তী অনুসন্ধানে, সালমান খানের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইলসহ কোনো সোশ্যাল প্ল্যাটফর্মেই দাবিকৃত মন্তব্যের অস্তিত্ব মেলেনি। একইভাবে মাহেন্দ্র সিং ধোনির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইলসহ কোনো সোশ্যাল প্ল্যাটফর্মেই দাবিকৃত মন্তব্যের অস্তিত্ব মেলেনি।

ভারতীয় ফ্যাক্টচেকাররা রিউমর স্ক্যানারকে জানিয়েছে, সালমান ও ধোনি এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং, আর্জেন্টিনা–মিশর ম্যাচের বিতর্কে সালমান খান ও ধোনির নামে প্রচারিত মন্তব্যগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
Share: