ড. ফয়জুল হকের প্রার্থীতা বাতিল হওয়ার দাবিতে ডিবিসি নিউজের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘ইসলাম ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করার কারণে, ঝালকাঠি১ আসনের জামায়াতের প্রার্থী ড, ফজলুল হকের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।’ শীর্ষক দাবিতে ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ঝালকাঠি-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের প্রার্থীতা বাতিল হওয়ার দাবিটি সঠিক নয় এবং ডিবিসি নিউজও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটিতে ডিবিসি নিউজের লোগো রয়েছে এবং এটি প্রচারের তারিখের স্থলে ‘৯ জানুয়ারি, ২৬’ লেখা দেখতে পাওয়া যায়। এই সূত্র ধরে অনুসন্ধান করে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ৯ জানুয়ারি ‘বিড়িতে সুখ টান দিয়েও জামাতের ভোট চাইলে সব গুনাহ মাফ হতে পারে: ঝালকাঠিতে জামায়াত প্রার্থী’ শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনাম ব্যতীত বাকি সব উপাদানের মিল রয়েছে। মূল ফটোকার্ডে থাকা শিরোনামটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, ফটোকার্ডে ফয়জুল হকের নামও ভুলভাবে ‘ফজলুল’ লেখা হয়েছে।
পাশাপাশি, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করেও ড. ফয়জুল হকের প্রার্থীতা বাতিলের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সুতরাং, ঝালকাঠি-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের প্রার্থীতা বাতিল হওয়ার দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- DBC News Facebook Page Post
- Rumor Scanner’s Analysis
- Prothom Alo: বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বলা প্রার্থীকে শোকজ

