মির্জা আব্বাসকে উদ্ধৃত করে ডিবিসি নিউজের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য দাবিতে টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘আমার নেতাকর্মীরা কিছু জায়গায় চাদাবাজি ও খুন করার দায়ে- আমাকে টার্গেট করতে হবে কেন.?’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাসকে উদ্ধৃত করে ‘আমার নেতাকর্মীরা কিছু জায়গায় চাদাবাজি ও খুন করার দায়ে- আমাকে টার্গেট করতে হবে কেন.?’ শিরোনামে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডিবিসি নিউজের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ডিবিসি নিউজের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১২ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ডিবিসি নিউজের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে গত ১২ জানুয়ারি গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে “আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। ডিবিসি নিউজের মূল ফটোকার্ডটিতে “আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাস” শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে “আমার নেতাকর্মীরা কিছু জায়গায় চাদাবাজি ও খুন করার দায়ে- আমাকে টার্গেট করতে হবে কেন.? মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য বিএনপি” শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিবিসি নিউজের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, মির্জা আব্বাসকে উদ্ধৃত করে “আমার নেতাকর্মীরা কিছু জায়গায় চাদাবাজি ও খুন করার দায়ে- আমাকে টার্গেট করতে হবে কেন.?” শিরোনামে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: