নাসীরুদ্দীন পাটওয়ারীকে জড়িয়ে মির্জা আব্বাসের মন্তব্য দাবিতে ডিবিসি নিউজের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা আব্বাসের বক্তব্য দাবিতে টেলিভিশন চ্যানেল ডিবিসির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘নাসিরুদ্দিন পাটোয়ারী এমন এমন বক্তব্য দিতেছে আমাকে ইঙ্গিত করে, আমার মন বলছে যে হাদির মতো তাকেও অকালে জীবন দিতে হবে! ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।’

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “নাসিরুদ্দিন পাটোয়ারী এমন এমন বক্তব্য দিতেছে আমাকে ইঙ্গিত করে, আমার মন বলছে যে হাদির মতো তাকেও অকালে জীবন দিতে হবে! ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।” শিরোনামে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, মির্জা আব্বাসও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজর ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।


এ বিষয়ে অনুসন্ধানে, ফটোকার্ডে উল্লেখ থাকা ১৪ জানুয়ারির তারিখ ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজ পর্যালোচনা করে এমন শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে একই ছবি ব্যবহার করে ভিন্ন শিরোনামের একটি ফটোকার্ড পাওয়া যায়। ওই ফটোকার্ডের শিরোনামে লেখা রয়েছে, ‘ ‘এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি:মির্জা আব্বাস’। শিরোনাম ছাড়া বাকি সব উপাদানের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির মিল পাওয়া যায়।

এছাড়া, অন্য কোনো মাধ্যমেও মির্জা আব্বাসকে উদ্বৃতি দেওয়া দাবিকৃত বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

অর্থাৎ, মূল ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করেই আলোচিত দাবির ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, মির্জা আব্বাসকে উদ্বৃতি দিয়ে “নাসিরুদ্দিন পাটোয়ারী এমন এমন বক্তব্য দিতেছে আমাকে ইঙ্গিত করে, আমার মন বলছে যে হাদির মতো তাকেও অকালে জীবন দিতে হবে! ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।” শিরোনামে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: