সম্প্রতি, জাতীয় দৈনিক কালের কণ্ঠের বরাতে ‘মির্জা আব্বাস আর আমাদের মাঝে নেই’ শিরোনামে একাধিক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার৷

ফেসবুকে প্রচারিত এমন দাবি দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাসের মৃত্যু সংক্রান্ত প্রচারিত দাবিটি মিথ্যা। কালের কণ্ঠ এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের নাম ব্যবহার করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে দেখা যায়, ফেসবুকে এই দাবিতে প্রচারিত পোস্টগুলোতে সূত্র হিসেবে কালের কণ্ঠের নাম ব্যবহার করা হয়েছে। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, প্রচারিত দাবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি গত ১৪ মার্চ থেকে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে, ১৫ মার্চ দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স’ শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৪ মার্চ সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে। ১৫ মার্চ বেলা ১১টা ২৫ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানতে তার ব্যক্তিগত সচিব (পিএস) মিজানুর রহমান সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার মৃত্যু সংক্রান্ত প্রচারিত দাবিটি মিথ্যা।
সুতরাং, মির্জা আব্বাসের মৃত্যু সংক্রান্ত প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho – Facebook Page
- Kaler Kantho – Website
- Kaler Kantho – YouTube Channel
- Prothom Alo – মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
- Rumor Scanner’s Analysis


