মালয়েশিয়ায় মির্জা আব্বাসের মৃত্যুর ভুয়া দাবি প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের নির্বাচিত সংসদ সদস্যজনাব মির্জা আব্বাস আজ মালয়েশিয়ার একটি বিখ্যাত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ শীর্ষক একটি পোস্টের স্ক্রিনশট প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার৷ 

টিকটকে প্রচারিত এমন দাবি দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাসের মৃত্যু সংক্রান্ত প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভুয়া স্ক্রিনশট ব্যবহার করে ভিত্তিহীন দাবিটি প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। বরং, মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেলের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম জানিয়েছে, সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

মিজানুর রহমান সোহেল জানান, বর্তমানে মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া চলবে মালয়েশিয়ায়। দ্রুত সুস্থতা কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পরবর্তী অনুসন্ধানে প্রচারিত দাবিতে যে পোস্টের স্ক্রিনশট ব্যবহার হয়েছে তার সূত্রপাতের খোঁজে ‘মির্জা আব্বাস – Mirza Abbas’ নামের একটি পেজে গতকাল মির্জা আব্বাসকে মালয়েশিয়া নিয়ে যাওয়া সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। তবে আলোচিত দাবি সংক্রান্ত কোনো পোস্ট পেজটিতে পাওয়া যায়নি। এই পেজের নাম ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট বানিয়ে দাবিটি প্রচার করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

সুতরাং, মির্জা আব্বাসের মৃত্যু সংক্রান্ত প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: