ফয়জুল করিমের হাতপাখা ঠেকানোর বিষয়ে জামায়াতকে জড়িয়ে একাত্তর টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সাথে যে দলগুলোর নির্বাচনী ঐক্যের আলোচনা ছিল, সেখানে সামনের কাতারে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পরবর্তীতে আসন সমঝোতা নিয়ে মতবিরোধ থেকে জোটে না গিয়ে আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফয়জুল করীমের হাতপাখা ঠেকাতে প্রার্থী প্রত্যাহার করে বিএনপিকে সমর্থনের ইঙ্গিত জামায়েতের’ শিরোনামে সংবাদমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে জড়িয়ে একাত্তর টিভি এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে একাত্তর টিভির লোগো ও তারিখ হিসেবে ১৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের মিল থাকলেও ফন্টের আকার ও লাইনস্পেসে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসনে জামায়াতের কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌজন্যতার জন্য ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে। পরে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে জানিয়েছেন, বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

সুতরাং, ‘ফয়জুল করীমের হাতপাখা ঠেকাতে প্রার্থী প্রত্যাহার করে বিএনপিকে সমর্থনের ইঙ্গিত জামায়েতের’ দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: