ফুলবাড়িয়ায় জামায়াত ও জোট সমর্থকদের মাঝে হাতাহাতি দাবিতে একাত্তর টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্রচারণার প্রথম দিন ফুলবাড়িয়ায় জামায়াত ও জোটের সমর্থকদের মাঝে হাতাহাতি’ শিরোনামে সংবাদমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে একাত্তর টিভি এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং ফুলবাড়িয়ায় এমন কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে একাত্তর টিভির লোগো ও তারিখ হিসেবে ২২ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকতে দেখা যায়। উক্ত তথ্যাবলীর সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের মিল থাকলেও ফন্টের আকার ও লাইনস্পেসে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

এছাড়া, একাত্তর টিভি ব্যতীত অন্য কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, ‘প্রচারণার প্রথম দিন ফুলবাড়িয়ায় জামায়াত ও জোটের সমর্থকদের মাঝে হাতাহাতি’ দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Ekattor TV – Facebook Page
- Ekattor TV – Website

