জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ছাত্রদল সাধারণ সম্পাদককে জড়িয়ে একাত্তর টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সাথে যে দলগুলোর নির্বাচনী ঐক্যের আলোচনা ছিল, সেখানে সামনের কাতারে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পরবর্তীতে আসন সমঝোতা নিয়ে মতবিরোধ থেকে জোটে না গিয়ে আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। ফটোকার্ডে দাবি প্রচার করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ‘জামায়াত জোটের সঙ্গী না হওয়ায় ইসলামী আন্দোলনের কেউ জান্নাতে যেতে পারবে না’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে জড়িয়ে একাত্তর টিভি এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে একাত্তর টিভির লোগো ও তারিখ হিসেবে ১৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের মিল থাকলেও ফন্টের আকার ও লাইনস্পেসে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

তবে, অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ‘এখন যেহেতু ইসলামী আন্দোলনের নেতাদের তাদের (জামায়াতের) সাথে জোট হয়নি, আমার তো দুইদিন ধরে ভয় হচ্ছে যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ একজনও কি জান্নাতে যাবে না? যেহেতু দাঁড়িপাল্লা আর তাদের ভাগ্যে জোটে নাই। আমরা মনে করি জামায়াতে ইসলাম যে মুনাফেকি ও প্রোপাগান্ডা করে বাংলাদেশের রাজনীতিকে ছোট করছেন এবং ইসলামকে ছোট করছেন সে বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এবং ইসলামপ্রিয় মানুষদের সতর্ক থাকতে হবে।’

অর্থাৎ, নাসির উদ্দিন বলেননি যে জামায়াতের সঙ্গে জোট না হওয়ায় ইসলামী আন্দোলনের কেউ জান্নাতে যেতে পারবে না বরং তিনি ভোটের সাথে জান্নাতের সম্পর্কের এরূপ বক্তব্যকে প্রোপাগান্ডা বলে উল্লেখ করেন।

সুতরাং, নাসির উদ্দিন বলেছেন, ‘জামায়াত জোটের সঙ্গী না হওয়ায় ইসলামী আন্দোলনের কেউ জান্নাতে যেতে পারবে না’ দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: