তারেক রহমান শিবিরের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন দাবিতে একাত্তর টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার 

গত ২১ এপ্রিল জুলাই বিপ্লবের গ্রাফিতিতে গুপ্ত লেখার জেরে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ‘চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের উপর বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীদের অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে- প্রধানমন্ত্রী তারেক রহমান।’ শিরোনামে একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের উপর বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীদের অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে- প্রধানমন্ত্রী তারেক রহমান।’ শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে একাত্তর টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২২ এপ্রিল, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

একাত্তর টিভির লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, একাত্তর টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে ২২ এপ্রিল গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। একাত্তর টিভির মূল ফটোকার্ডটিতে ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের উপর বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীদের অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে- প্রধানমন্ত্রী তারেক রহমান।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, ‘চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের উপর বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীদের অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে- প্রধানমন্ত্রী তারেক রহমান।’ শিরোনামে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: