রুহুল কবির রিজভীর নামে খোলা ভুয়া ফেসবুক পেজ-অ্যাকাউন্ট থেকে নিয়মিত ছড়াচ্ছে অপতথ্য

গত বছরের ডিসেম্বর মাসের শেষদিকে ত্রয়োদশ জাতীয় দৈনিক নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্য বেশ ভাইরাল হয়ে যায়। দাবি করা হয়েছিল রুহুল কবির রিজভী বলেছেন- “কথা ছিল ত্যাগীদের সর্বোচ্চ মূল্যায়ন হবে, এখন দেখা যাচ্ছে ত্যাগীদের দিন শেষ দালালদের বাংলাদেশ।” এ বিষয়ে তখন রিউমর স্ক্যানার অনুসন্ধান করতে গিয়ে দেখতে পায়, এই বক্তব্য রুহুল কবির রিজভী দেননি বরং, তার নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেসবুক পেজ থেকে প্রথমে উক্ত মন্তব্যটি পোস্ট করা হয়। যা পরবর্তীতে রুহুল কবির রিজভীর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তখন অনুসন্ধানে দেখা গিয়েছিল– যে পেজটি থেকে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছিল সেটি রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া ফেসবুক পেজ। সেই সময় রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে ‘Ruhul Kabir Rizvi 2.0’ নামের একটি পেজেও সন্ধান পেয়েছিল রিউমর স্ক্যানার টিম। তবে, এখন সেই পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি আর রুহুল কবির রিজভীর নামে নেই বরং, নাম পরিবর্তন করে “Awami League Supporters Germany” নামকরণ করা হয়েছে। পেজটির ট্রান্সপারেন্সি বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালের ১৪ আগস্ট খোলা হয় এই নামেই। যা পরবর্তীতে অন্তত চারবার নাম পরিবর্তন করা হয়েছে এবং এই চারবারের মধ্যে একবার রুহুল কবির রিজভীর নামকরণ করা হয়েছিল।

এই তথ্য রিউমর স্ক্যানারের নজরে আসার পর রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে কী পরিমাণ ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে সেবিষয়ে বিস্তর পরিসরে অনুসন্ধান চালানো হয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে অন্তত সাতটি ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে; যেগুলো সক্রিয়ভাবে পোস্ট করে যাচ্ছে।

সাতটি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা যায়, এগুলোতে প্রায় ৪ লাখ ২৩ হাজার ফলোয়ার যুক্ত রয়েছেন। এছাড়া, এই প্রতিবেদন প্রকাশের আগ অবধি ০৫ হাজার ২০১টি পোস্ট করা হয়েছে।

এরমধ্যে অন্তত একটি পেজের নাম শুরুতে ভিন্ন থাকলেও পরবর্তীতে পরিবর্তন করে রুহুল কবির রিজভীর নামে নামকরণ করা হয়েছে।

পাশাপাশি, একটি পেজ বাংলাদেশ থেকে নয় বরং, সৌদি আরব থেকে পরিচালিত হতেও দেখা যায়।

ফেসবুক অ্যাকাউন্ট প্রসঙ্গে যা বলেছিলেন রুহুল কবির রিজভী

গত বছরের ০৭ ডিসেম্বর বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দলটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, “অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে-যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর আগেও গণমাধ্যমে বলেছি এবং থানায় জিডি করেছি যে, আমি নিজের নামে কখনোই Face Book Account খুলিনি। আমার নামে খোলা এই সমস্ত ভূয়া Face Book Account থেকে কোনও মতামতের সংগে আমার কোন ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।…(অপরিবর্তিত)

অর্থাৎ, রুহুল কবির রিজভীর কোনো ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট নেই।

যা জানানো হয়েছে রিউমর স্ক্যানারকে

বর্তমানে সক্রিয় ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে গিয়ে আবারও বিএনপির মিডিয়া সেলের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির রিউমর স্ক্যানারকে বলেন, “বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাইয়ের অফিসিয়াল কোনো ফেসবুক পেইজ নেই তিনি একাধিকবার নিজে বলেছেন এবং এধরনের অনৈতিকভাবে কেউ যে তার নামে ফেসবুক পেইজ একাউন্ট খোলে ব্যবহার না করেন তার জন্য অনুরোধ করেছেন। আমি ও আশাকরি এরকম জাতীয় পর্যায়ের কোনো নেতার নামে অনৈতিকভাবে ফেসবুক পেজ ব্যবহার করবেন না এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবেন।”

সুতরাং, বিএনপির মিডিয়া সেল ও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্য থেকে নিশ্চিত হওয়া যায়, রুহুল কবির রিজভী কোনো অফিসিয়াল ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা করেন না। ফলে তার নামে চালু থাকা বিভিন্ন ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট, মন্তব্য বা দাবিকে তার ব্যক্তিগত কিংবা দলীয় আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।

Share: