অপরাধ করলেও ‘জুলাই যোদ্ধাদের’ গ্রেফতার করা যাবে না বলে মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘জুলাইযোদ্ধারা যতই অপরাধ করুক তাদের গ্রেফতার করা যাবে না’। এরূপ পোস্ট প্রচার করে ক্যাপশনে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্য করে লেখা হয়, ‘আমি মনে করি জঙ্গল থেকে একটা পাগল ধরে এনে স্বরাষ্ট্র উপদ্রষ্টা বানানো হয়েছে, একে শীঘ্রই পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হোক, অন্তত সুস্থ মস্তিষ্কের লোক এ ধরনের কথা বলতে পারেনা’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটিতে এককভাবে প্রায় ১০ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
টিকটকে প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুলাইযোদ্ধারা যতই অপরাধ করুক তাদের গ্রেফতার করা যাবে না বলে মন্তব্য করেননি জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘জনকণ্ঠ’ এর লোগোর আদলে তৈরি ‘মবকণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজে গত ৬ জানুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘মবকণ্ঠ’ এর লোগোর অংশ বাদ দেওয়া হয়েছে।

‘মবকণ্ঠ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি প্যারোডি পেজ।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা আলোচিত মন্তব্যটি না করলেও জাতীয় দৈনিক প্রথম আলো সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
সুতরাং, জুলাইযোদ্ধারা যতই অপরাধ করুক তাদের গ্রেফতার করা যাবে না শীর্ষক মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- মবকন্ঠ। Mobkantha – Facebook Post
- Rumor Scanner’s analysis

