সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই শুধু জামায়াত ইসলাম জন্য পারছি না’ শিরোনামে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ‘সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই শুধু জামায়াত ইসলাম জন্য পারছি না – প্রধানমন্ত্রী’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো রয়েছে। তবে তারিখ উল্লেখ নেই। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের ছবি সংবলিত প্রচারিত ডিজাইনের ফরম্যাটে ‘সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই – প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি বিশ্লেষণে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের দ্বিতীয় লাইনে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়। এই ডিজাইনে যমুনা টিভি কোনো নিউজ ফটোকার্ড প্রকাশ করেনি।
মূল ফটোকার্ড সংবলিত যমুনার পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ১৮ বছর পর রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) কুচকাওয়াজ অনুষ্ঠান দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়। এমন চমৎকার আয়োজনে মুদ্ধতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে প্যারেড স্কয়ার ত্যাগের সময় উপস্থিত সশস্ত্র বাহিনী সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমিও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই। যেকোনো দেশে সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়, আমরা সেই উদ্দেশ্যই পূর্ণ করতে চাই এবং আমরা যেন সকলে দেশের জন্য কাজ করতে পারি।’
প্রতিবেদনে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে জামায়াতের বাধার কথা বলেছেন এমন তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
অর্থাৎ, যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই শুধু জামায়াত ইসলাম জন্য পারছি না – প্রধানমন্ত্রী’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna Tv: Facebook Page

