হাসনাত আবদুল্লাহকে গ্রেফতারের দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি “গ্রেফতার হলেন হাসনাত আবদুল্লাহ” শিরোনামে যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে গ্রেফতারের দৃশ্য দাবিতে একটি ছবিও যুক্ত রয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গ্রেফতার হলেন হাসনাত আবদুল্লাহ’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। হাসনাত আবদুল্লাহর গ্রেফতারেরও কোনো ঘটনা ঘটেনি। এছাড়া, ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

আলোচিত দাবিটি অনুসন্ধান করতে গিয়ে ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো ও ওয়েবসাইটের ঠিকানা দেখা যায়। এই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে আলোচিত শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ দাবির পক্ষে কোনো সংবাদ মেলেনি। তদুপরি, ফটোকার্ডটির ডিজাইন যমুনা টিভির প্রচলিত ফটোকার্ড ডিজাইনের সঙ্গে তুলনা করলে বেশ কিছু অমিলও দেখা যায়।

ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটি পর্যবেক্ষণ করলে হাসনাত আবদুল্লাহর মুখমণ্ডল এবং শারীরিক গঠন ও পারিপার্শ্বিক দৃশ্যে কিছু অস্বাভাবিকতা দেখা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি কনটেন্টে লক্ষ করা যায়।

পরবর্তীতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

সুতরাং, ‘গ্রেফতার হলেন হাসনাত আবদুল্লাহ’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: