‘শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জে মিছিল’ দাবিতে ভিন্ন ঘটনার ছবি যুক্ত করে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ‘শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জে মিছিল’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জে মিছিল’ শিরোনামে যমুনা টিভি আলোচিত ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়াও, প্রচারিত ছবিটি সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের ১১ জুলাইয়ে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার দৃশ্যের।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম, লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২৪ মার্চ ২০২৬ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে শিরোনাম ও তারিখের ফন্ট, ফন্টের আকারে পার্থক্য দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ফটোকার্ডের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে সংযুক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১২ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ছবির সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।

ছবির বর্ণনায় বলা হয়, ‘সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে গতকাল (২০২৪ সালের ১১ জুলাই) বিকেলে শাহবাগে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : শেখ হাসান’।

প্রসঙ্গত, সেসময় সরকারি সব চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছিল।

সুতরাং, ‘শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জে মিছিল’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: