আসন বণ্টন নিয়ে চরমোনাই পীরের মন্তব্য দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জোট বা সমঝোতার বিষয়ে আলোচনা চলছে বলে নানা গণমাধ্যম সূত্রে জানা যায়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বিএনপি জামায়েতকে ২০-২৫টা আসন দিত। আমরা জামায়েতকে ৮০টা আসন দিবো বলেছি। নিলে নিবে না নিলে নাই।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বিএনপি জামায়েতকে ২০-২৫টা আসন দিত, আমরা জামায়েতকে ৮০টা আসন দিবো বলেছি, নিলে নিবে না নিলে নাই : পীর সাহেব চরমোনায়’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং চরমোনাই পীর রেজাউল করিমও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম, লোগো উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে ফন্ট, ফন্টের আকার ও লাইনস্পেসে পার্থক্য দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ফটোকার্ডের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জোট বা সমঝোতার বিষয়ে আলোচনা চলছে বলে গতবছরের শেষের দিকে নানা গণমাধ্যম সূত্রে জানা যায়। তবে মূলধারার গণমাধ্যম সমকালে গত ২ জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের আদৌ জোট হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

সুতরাং, ‘বিএনপি জামায়েতকে ২০-২৫টা আসন দিত, আমরা জামায়েতকে ৮০টা আসন দিবো বলেছি, নিলে নিবে না নিলে না: পীর সাহেব চরমোনায়’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: