‘মালয়েশিয়া হাসপাতালে ভর্তি মিজানুর রহমান আজহারি’ দাবিতে এআই ছবি দিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ‘মালয়েশিয়া হাসপাতালে ভর্তি মিজানুর রহমান আজহারী’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে এ সংক্রান্ত একটি ছবিও যুক্ত করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘মালয়েশিয়া হাসপাতালে ভর্তি মিজানুর রহমান আজহারী’ শিরোনামে যমুনা টিভি আলোচিত ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়াও, এ সংক্রান্ত ছবি দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম, লোগো উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে শিরোনাম ও ফন্টের আকারে পার্থক্য দেখা যায়।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে সংযুক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার এআই শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের সহায়তা নেয়। হাইভ ডিটেক্ট জানায়, এই ছবিটি এআই ব্যবহার করে তৈরি বা এডিট করার সম্ভাবনা প্রায় সাড়ে ৯৩ শতাংশ।

মিজানুর রহমান আজহারির ফেসবুক পেজ পর্যালোচনা করে সাম্প্রতিক সময়ে তার অসুস্থতার দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি৷

সুতরাং, ‘মালয়েশিয়া হাসপাতালে ভর্তি মিজানুর রহমান আজহারী’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং এ সংক্রান্ত ছবিটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: