তারেক রহমানের সাথে ইসলামী আন্দোলনের বৈঠক দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১১ দলীয় জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলনের টানাপোড়েন চলছে। এরই প্রেক্ষিতে “সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে ইসলামি আন্দোলন বাংলাদেশসহ আরও ৩টি ইসলামপন্থি দলের শীর্ষ নেতারা।” শিরোনামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ছবিযুক্ত বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে ইসলামি আন্দোলন বাংলাদেশসহ আরও ৩টি ইসলামপন্থি দলের শীর্ষ নেতারা’ শিরোনামে যমুনা টেলিভিশন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। এমনকি দাবিটিও সঠিক নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি ব্যবহার করে যমুনা টেলিভিশনের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টেলিভিশনের লোগো এবং প্রকাশের তারিখ ১৪ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে গত ১৪ জানুয়ারি প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবির ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। এছাড়া উক্ত ফটোকার্ডে ব্যবহৃত ছবি ফ্রেমের সাথেও যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ছবির ফ্রেমের অমিল রয়েছে।

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, দেশিয় কিংবা আন্তর্জাতিক অন্যকোনো কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সত্যতা মেলেনি।
ছবি যাচাই
আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি। পরবর্তীতে, রিউমর স্ক্যানার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শনাক্তকারী ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে, ছবিটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানানো হয়।
এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ আলোচিত বৈঠকের খবরটি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
সুতরাং, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরো ৩টি ইসলামপন্থী দলের বৈঠক দাবিতে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis
- Statement from Sheikh Fazlul Karim Maruf
- Jamuna TV – Facebook Page
- Jamuna TV – Website
- Jamuna TV – YouTube Channel

