‘ঢাবিতে গাঁজা খাওয়ার স্বাধীনতা চাইলেন শিক্ষার্থীরা’ শিরোনামে জনকণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঢাবিতে গাঁজা খাওয়ার স্বাধীনতা চাইলেন শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদমাধ্যম জনকণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ঢাবিতে গাঁজা খাওয়ার স্বাধীনতা চাইলেন শিক্ষার্থীরা’ শিরোনামে জনকণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জনকণ্ঠের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে জনকণ্ঠের লোগো ও তারিখ হিসেবে ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের গাঢ়ত্ব ও আকারে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

এদিকে আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম জাগোনিউজ২৪.কম এর ফেসবুক পেজে ‘সংবিধান বিরোধী উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে…’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি বিশ্লেষণ করলে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির ওই নারী মাইক্রোফোন হাতে মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন। বক্তব্যে মানবাধিকার লঙ্ঘন, বাকবিতণ্ডার জেরে পুলিশ কর্তৃক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ ও সংবিধান বিরোধী উদ্যোগের জন্য শিক্ষামন্ত্রীর ক্ষমা চাওয়ার আহ্বান জানাতে শোনা যায় ওই তরুণীকে। ৪২ সেকেন্ডের ওই ভিডিওর কোনো অংশে ‘গাঁজা খাওয়ার স্বাধীনতা’ চাওয়া সংক্রান্ত বক্তব্য প্রদান করতে শোনা যায়নি।
পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ‘ঢাবিতে গাঁজা খাওয়ার স্বাধীনতা চাইলেন শিক্ষার্থীরা’ শিরোনামে জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Janakantha- Facebook Page
- Daily Janakantha – Website
- Jagonews24.com – Facebook page

