এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে নিয়ে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘গর্ভপাত জটিলতায় হাসপাতালে ভর্তি এনসিপি নেত্রী মিতু, দোয়া চাইলেন তার স্বামী’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতুর ছবি ব্যবহার করে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,‘গর্ভপাত জটিলতায় হাসপাতালে ভর্তি এনসিপি নেত্রী মিতু, দোয়া চাইলেন তার স্বামী’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং প্রকাশের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে একই তারিখে কালের কণ্ঠের ফেসবুক পেজে ‘হাসপাতালে ভর্তি এনসিপি নেত্রী মিতু, দোয়া চাইলেন তার স্বামী’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

কালের কণ্ঠের মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে থাকা সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়,

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যে তার জরুরি অপারেশন সম্পন্ন হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার ডা. মাহমুদা মিতুর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তার স্বামী। ওই পোস্টে তিনি বলেন, ‘আমার স্ত্রী ডা. মাহমুদা মিতুর গত ২৩ তারিখ হঠাৎ গাইনোকোলজিকাল ইমার্জেন্সি দেখা দেওয়ায় জরুরি অপারেশন করতে হয়েছে।’

প্রতিবেদনটিতে ডা. মাহমুদা মিতুর গাইনেকোলজিকাল ইমার্জেন্সির কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনেের কোনো অংশে গর্ভপাত সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়নি।

অর্থাৎ, কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং ‘গর্ভপাত জটিলতায় হাসপাতালে ভর্তি এনসিপি নেত্রী মিতু, দোয়া চাইলেন তার স্বামী’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: