সম্প্রতি, ‘যার নির্দেশে তুলে নিয়ে ভারতে পাচার করে সালাহউদ্দিন আহমেদকে পতিতালয়ে বিক্রি করে দেন’ শিরোনামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর ছবি ব্যবহার করে জনকণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,‘যার নির্দেশে তুলে নিয়ে ভারতে পাচার করে সালাহউদ্দিন আহমেদকে পতিতালয়ে বিক্রি করে দেন’ শিরোনামে জনকণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও এই সংক্রান্ত কোন তথ্য গণমাধ্যমকে প্রদান করেনিন। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জনকণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং প্রকাশের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, জনকণ্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে একই তারিখে জনকণ্ঠের ফেসবুক পেজে ‘যার নির্দেশে তুলে নিয়ে ভারতে পা’চার করা হয় সালাহউদ্দিন আহমেদকে’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

জনকণ্ঠের মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে থাকা সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ বিভিন্ন ব্যক্তিকে গুম করার পেছনে দায়ী ব্যক্তির নাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করার পেছনে জিয়াউল আহসান ছিলেন এবং তার নেতৃত্বেই কাজটি হয়েছে।’
প্রতিবেদনটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে পূর্বে গুম করার পেছনের ব্যক্তির বিষয়ে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনের কোন অংশেই তাকে পাচার করে পতিতালয়ে বিক্রি করে দেওয়া প্রসঙ্গে কোন বিষয় উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, জনকণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং ‘যার নির্দেশে তুলে নিয়ে ভারতে পাচার করে সালাহউদ্দিন আহমেদকে পতিতালয়ে বিক্রি করে দেন’ শিরোনামে জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Janakantha: ফেসবুক পেজ
- Rumor Scanner’s analysis


