কথা না শুনলে হসপিটাল ভেঙ্গে দেওয়ার দাবিতে হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে জনকণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ঢাকার একটি হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ তুলেছেন তৃতীয় মাত্রার সঞ্চালক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমান। তবে, সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগকে ‘পুরোপুরি অসত্য ও জঘন্য মিথ্যাচার’ বলে উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ। এরই প্রেক্ষিতে ‘আমার কথা শুনবেন আমার কথায় চলবে না হলে আপনার হসপিটালটি ভেংগে দেয়া হবে গুড়িয়ে দেয়া হবে আমি এখনি লোকজন পাঠাচ্ছি।’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম দৈনিক জনকণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে জনকণ্ঠের এর নামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ) ।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমার কথা শুনবেন আমার কথায় চলবে না হলে আপনার হসপিটালটি ভেংগে দেয়া হবে গুড়িয়ে দেয়া হবে আমি এখনি লোকজন পাঠাচ্ছি।’ শিরোনামে দৈনিক জনকণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে জনকণ্ঠের ডিজাইন ব্যবহার করে উক্ত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৪ মার্চ, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, আলোচিত ফটোকার্ডের বিষয়ে গত ৫ মার্চ জনকণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত ফটোকার্ডটি জনকণ্ঠ প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়।

অর্থাৎ, জনকণ্ঠের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘আমার কথা শুনবেন আমার কথায় চলবে না হলে আপনার হসপিটালটি ভেংগে দেয়া হবে গুড়িয়ে দেয়া হবে আমি এখনি লোকজন পাঠাচ্ছি।’ শীর্ষক শিরোনামে জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: