সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন মুফতি আলী হাসান ওসামা। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এবার জামাতে যোগ দিতে পারেন বিশিষ্ট আলোচক মাওলানা আলী হাসান ওসামার স্ত্রী, ছাত্রী সংস্থায় নাকি জামায়াতে যোগ দেওয়া নিয়ে চলছে স্বামী স্ত্রীর মধ্যে চলছে লড়াই’ শিরোনামে সংবাদমাধ্যমে জনকণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসামার স্ত্রীর জামায়াতে যোগ দেওয়া নিয়ে জনকণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জনকণ্ঠের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে জনকণ্ঠের লোগো ও তারিখ হিসেবে ১৮ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের মিল থাকলেও ফন্টের গাঢ়ত্ব ও আকারে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ‘এবার জামাতে যোগ দিতে পারেন বিশিষ্ট আলোচক মাওলানা আলী হাসান ওসামার স্ত্রী, ছাত্রী সংস্থায় নাকি জামায়াতে যোগ দেওয়া নিয়ে চলছে স্বামী স্ত্রীর মধ্যে চলছে লড়াই’ দাবিতে জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Janakantho – Facebook Page
- Janakantho – Website


