সম্প্রতি, সিটি ব্যাংকে অনির্দিষ্ট জন ৩ ক্যাটাগরির পদে নিয়োগ উল্লেখ করে ‘সিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬’ দাবিতে একটি কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে ছড়ানো হচ্ছে। পোস্টটিতে আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই ২০২৬ উল্লেখ করে [email protected] ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে বলা হয়েছে।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিটি ব্যাংক অনির্দিষ্ট জন ৩ ক্যাটাগরির পদে নিয়োগ ‘সিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬’ নামে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বরং প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট এবং পত্রিকায় প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সুনির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়। তবে কথিত এই বিজ্ঞপ্তিতে জিমেইল পরিষেবার একটি ইমেইল ঠিকানায় আবেদন করতে বলার পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার ও যুক্ত করা হয়েছে, যা সন্দেহের উদ্রেক করে।
সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে, চাকরি বিজ্ঞপ্তির ওয়েবসাইট বিডিজবস কে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। যাচাই করে দেখা যায়, বিডিজবসের ওয়েবসাইটে বর্তমানে সিটি ব্যাংকে নিয়োগের এমন কোনো বিজ্ঞপ্তি নেই।
এছাড়াও, ২১ জুন প্রকাশিত দেশীয় গণমাধ্যম যুগান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সিটি ব্যাংক। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ সময় ছিলো ২৭ জুন ২০২৬।
সুতরাং, ‘সিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬’ শিরোনামে ফেসবুকে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- City Bank PLC – Website
- Rumor Scanner’s own analysis
- Jugantor – জনবল নেবে সিটি ব্যাংক


