সাবেক সমন্বয়ক বাপ্পিকে দুর্নীতির অভিযোগে দুদকের তলব দাবিতে যুগান্তরের ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পির ছবি ব্যবহার করে “সাবেক সমন্বয়ক বাপ্পিকে দুদকে তলব শতকোটির দূর্নীতির অভিযোগ” শীর্ষক তথ্যে বা শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “সাবেক সমন্বয়ক বাপ্পিকে দুদকে তলব শতকোটির দূর্নীতির অভিযোগ” শীর্ষক তথ্যে বা শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তর কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সাজিদুল ইসলাম বাপ্পির একটি ছবি ব্যবহার করে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনির সহযোগিতায় আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এটিতে যুগান্তরের লোগো দেখা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে যুগান্তরের ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি যুগান্তরের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত ফটোকার্ডটিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনির লোগোও লক্ষ্য করা যায়।

এছাড়া, গুগলের জেমিনিও উক্ত ফটোকার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেমিনি দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে৷

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, “সাবেক সমন্বয়ক বাপ্পিকে দুদকে তলব শতকোটির দূর্নীতির অভিযোগ” শীর্ষক তথ্যে বা শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তরের ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: