সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে “বিএনপি সরকার পতনের আন্দোলনে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নিরাপত্তা জোরদারের নির্দেশ।” শিরোনামে কালবেলার নাম ও লোগো ব্যবহার করে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত উক্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপি সরকার পতনের আন্দোলনে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নিরাপত্তা জোরদারের নির্দেশ’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূলধারার গণমাধ্যম কালবেলার লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২৫ এপ্রিল, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কালবেলার ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২৫ এপ্রিল কালবেলার ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নিরাপত্তা জোরদারের নির্দেশ’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘বিএনপি সরকার পতনের আন্দোলনে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নিরাপত্তা জোরদারের নির্দেশ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালবেলার এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনে জানা যায়, গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি (গোপন) কামরুল আহসানের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করা হয়। এ বিষয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট-সহ সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের অন্তত তিনজন কর্মকর্তা ২৪ এপ্রিল গণমাধ্যমকে সতর্কতা বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গোপন ওই চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তারা দেশের বিভিন্ন সংবেদনশীল স্থাপনায় সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারেন।
এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিটি সমর্থন করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, “বিএনপি সরকার পতনের আন্দোলনে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নিরাপত্তা জোরদারের নির্দেশ” শীর্ষক শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kalbela – Facebook Post
- Kalbela – দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ


