ভিন্ন তরুণীর ছবি ব্যবহার করে আবাসিক হোটেল থেকে ‘জুলাইযোদ্ধা’ সুরভী আটক দাবিতে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, জুলাই আন্দোলনকারী ও কনটেন্ট ক্রিয়েটর এথিনা তাবাসসুম মীমের ছবি ব্যবহার করে “টঙ্গীর আবাসিক হোটেল থেকে থেকে ইয়াবা সহ জুলাই যুদ্ধা সুরভী গ্রেফতার” শিরোনামে মূলধারার গণমাধ্যম কালবেলার লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটিতে এককভাবে প্রায় ৫ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এথিনা তাবাসসুম মীমের ছবি ব্যবহার করে ‘টঙ্গীর আবাসিক হোটেল থেকে থেকে ইয়াবা সহ জুলাই যুদ্ধা সুরভী গ্রেফতার’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং এথিনা তাবাসসুম মীমও সম্প্রতি গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, কালবেলার ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তবে, সম্প্রতি গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী নামে ভিন্ন এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালবেলার নাম, লোগো উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। কালবেলার ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে ফন্ট ও লেখার ডিজাইনে পার্থক্য দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালবেলার ফটোকার্ডের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও এথিনা তাবাসসুম মীমের গ্রেফতার হওয়ার দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এথিনা তাবাসসুম মীমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে অ্যাকাউন্টটিতে নিয়মিত নানা বিষয়ে পোস্ট হতে দেখা যায়।
তবে, অনুসন্ধানে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে গত ২৪ ডিসেম্বরে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী নামে ভিন্ন এক নারীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জাতীয় দৈনিক প্রথম আলো, কালবেলাসহ একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়।

সুতরাং, এথিনা তাবাসসুম মীমের ছবি ব্যবহার করে ‘টঙ্গীর আবাসিক হোটেল থেকে থেকে ইয়াবা সহ জুলাই যুদ্ধা সুরভী গ্রেফতার’ শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Prothom Alo – গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার
- Kalbela – মধ্যরাতে গ্রেপ্তার সেই তাহরিমা

