ওসমান হাদির মৃত্যু প্রসঙ্গে তারকাদের জড়িয়ে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘ওসমান হাদির মৃত্যুতে তারকাদের একাংশ আত্মহত্যার ঘোষণা দিলেন’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ওসমান হাদির মৃত্যুতে তারকাদের একাংশ আত্মহত্যার ঘোষণা দিলেন’ শিরোনামে কালের কন্ঠ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৯ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়।
উক্ত তথ্যের সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজ এবংওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২২ মে ‘ওসমান হাদির মৃত্যুতে তারকাদের হৃদয়স্পর্শী পোস্ট’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘ওসমান হাদির মৃত্যুতে তারকাদের হৃদয়স্পর্শী পোস্ট’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ওসমান হাদির মৃত্যুতে তারকাদের একাংশ আত্মহত্যার ঘোষণা দিলেন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সম্বলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আন্দোলনের সম্মুখযোদ্ধা হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ অঙ্গনেও। হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে শোক ও প্রতিবাদ জানাতে শুরু করেন দেশের জনপ্রিয় তারকারা।
সুতরাং, ‘ওসমান হাদির মৃত্যুতে তারকাদের একাংশ আত্মহত্যার ঘোষণা দিলেন’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho: Facebook Post
- Kaler Kantho: ওসমান হাদির মৃত্যুতে তারকাদের হৃদয়স্পর্শী পোস্ট

