‘গণভোটে যারা না ভোট দিবেন তারা ২৪ এর রাজাকার’ বলেননি আসিফ নজরুল, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “গণভোটে যারা না ভোট দিবেন তারা ২৪ এর রাজাকার” শীর্ষক শিরোনামে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য দাবিতে মূলধারার সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এরূপ পোস্ট প্রচার করে ক্যাপশনে লেখা হয়, “গণভোটে যারা না ভোট দিবেন তারা ২৪ এর রাজাকার। তাদেরকে আইনের আওতায় আনা হবে। — আসিফ নজরুল।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “গণভোটে যারা না ভোট দিবেন তারা ২৪ এর রাজাকার” শীর্ষক তথ্যে বা শিরোনামে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য দাবিতে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, আসিফ নজরুলও এরূপ কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১৬ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
কালের কণ্ঠের লোগোর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালের কণ্ঠের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ১৬ জানুয়ারিতে “অতীতে গণভোটে সরকার এক পক্ষে ছিল” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘অতীতে গণভোটে সরকার এক পক্ষে ছিল’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘গণভোটে যারা না ভোট দিবেন তারা ২৪ এর রাজাকার’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “অতীতে বাংলাদেশে অনুষ্ঠিত সব গণভোটেই সরকার এক পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না।’ রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল (১৫ জানুয়ারি) প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।”
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। বরং অনুসন্ধানে দেখা যায়, গত ১৫ জানুয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার সবার রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখবে না, কারণ এটি মানুষের সম্পূর্ণ নিজস্ব বিবেকবোধের বিষয়।’
সুতরাং, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন “গণভোটে যারা না ভোট দিবেন তারা ২৪ এর রাজাকার” শীর্ষক দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho – Facebook Post
- Kaler Kantho – অতীতে গণভোটে সরকার এক পক্ষে ছিল
- Rumor Scanner’s analysis

