গণভোট প্রসঙ্গে মিজানুর রহমান আজহারীকে জড়িয়ে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আজহারির জরুরি বার্তা: জামাতে হুর ও সুরা পান করতে চাইলে হা ভোট দিন’ শিরোনামে জাতীয় দৈনিক কালের কণ্ঠ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ১৯ জানুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে।
এরই সূত্র ধরে কালের কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কালের কণ্ঠের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে একই তারিখে “আজহারির জরুরি বার্তা” শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সঙ্গে কালের কণ্ঠের মূল ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে “আজহারির জরুরি বার্তা” শিরোনাম থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আজহারির জরুরি বার্তা: জামাতে হুর ও সুরা পান করতে চাইলে হাঁ ভোট দিন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ড. মিজানুর রহমান আজহারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি “জরুরি বার্তা” দিয়ে বলেছেন কিছু প্রতারকচক্র তার ছবি, ভিডিও এমনকি ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা ও বিশেষ করে ওষুধি পণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করছে। তিনি জানান, এসব প্রচারণার সঙ্গে তার বা তার ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই এবং এ ধরনের কোনো পণ্য বিক্রির চেষ্টা সম্পূর্ণ ভুয়া ও অনৈতিক।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ‘আজহারির জরুরি বার্তা: জামাতে হুর ও সুরা পান করতে চাইলে হা ভোট দিন’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho: Facebook Post
- Rumor Scanner’s analysis

