সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ডিজাইন সংবলিত একটি লেটারহেডে দলীয় মনোনয়ন তালিকা প্রচার করে দাবি করা হচ্ছে এটি সিলেট বিভাগের বিএনপির চূড়ান্ত মনোনয়ন। তালিকাটির নিচে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরও যুক্ত করা হয়েছে।
প্রচারিত তালিকাটিতে মনোনয়ন প্রাপ্তদের নাম হিসেবে, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট-৬ আসনে ফয়ছল চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে মিজানুর রহমান, মৌলভীবাজার-২ আসনে অ্যাডভোকেট আবেদ রাজা, হবিগঞ্জ-৪ আসনে রেজা কিবরিয়ার নাম উল্লেখ করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
পোস্টটিতে এক হাজার ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগামী নির্বাচনে সিলেট বিভাগের চূড়ান্ত মনোনয়ন দাবিতে প্রচারিত তালিকাটি সঠিক নয়। বিএনপির পক্ষ থেকে এমন কোনো মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত মনোনয়নের তালিকাটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত মনোনয়ন তালিকাটির বিএনপির অফিসিয়াল লেটারহেডের সঙ্গে কয়েকটি উল্লেখযোগ্য অসামঞ্জস্যতা রয়েছে। বিএনপির অফিসিয়াল নোটিশে তারিখের ক্ষেত্রে সাধারণত বছরের পরে “খ্রিঃ” ব্যবহার করা হয় না। এছাড়াও, প্রচারিত নোটিশে ‘এ্যাডভোকেট’ বানান এবং ‘জাতীয়তাবাদী দল-বিএনপি’ লেখা সংক্রান্ত হাইফেনের ব্যবহার অফিসিয়াল নোটিশের মতো নয়। প্রচারিত তালিকায় ফন্টের ধরন ও শিরোনামের বিন্যাস অপেশাদার এবং লোগোর পাশের লেখা অস্পষ্ট।

পরবর্তী অনুসন্ধানে, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে (১, ২) ২৩ নভেম্বর প্রকাশিত এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। এমনকি মূলধারার কোনো গণমাধ্যমেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রচারিত মনোনয়ন তালিকাটি সঠিক নয় বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আরও অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল Sylhettoday24 এর ২৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত সিলেট-৪ আসনের প্রার্থীর ব্যাপারে কোন ঘোষণা দেওয়া হয়নি।
গত ৩ নভেম্বর ডেইলি স্টারের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট-৫ আসনেও কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। সিলেট-৬ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। মৌলভীবাজার-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলামের নাম। হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি ও শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল।
সুতরাং, আগামী নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দাবিতে প্রচারিত তালিকাটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Statement from Sayrul Kabir Khan (Member, BNP Media Cell)
- Sylhettoday24 – সিলেট-৪: বিএনপির মনোনয়ন নিয়ে এখনও ধুম্রজাল, বিভক্ত তৃণমূল
- The Daily Star – সিলেট বিভাগে বিএনপির প্রার্থী যারা, বঞ্চিত কারা?
- Rumor Scanner’s Own Analysis


