বিশ্বকাপ ফাইনালে মেসিকে সমর্থনের দাবিতে এমবাপ্পের নামে ভুয়া মন্তব্য প্রচার গণমাধ্যমে

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফ্রান্স। এরপর দ্বিতীয় ও শেষ সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ম্যাচটিতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হয় আর্জেন্টিনা।
এই প্রেক্ষাপটে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের মন্তব্য দাবিতে একটি তথ্য বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
এতে এমবাপ্পেকে উদ্ধৃত করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। তাই এখন আমার একটাই চাওয়া, লিওনেল মেসি যেন তার দ্বিতীয় বিশ্বকাপ জিততে পারে। আমি দীর্ঘদিন ধরেই তার একজন বড় ভক্ত।’
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন: মাছরাঙা টিভি, দূরবীন নিউজ, মানবকণ্ঠ।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর লিওনেল মেসির দ্বিতীয় বিশ্বকাপ জয়ের কামনায় কিলিয়ান এমবাপ্পে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে একাধিক সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করা হয়। তবে এমবাপ্পের আলোচিত মন্তব্যটির পক্ষে কোনো সাক্ষাৎকার, ভিডিও, সংবাদ সম্মেলন কিংবা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়নি।
স্পেনের বিপক্ষে সেমিফাইনালে হারের পর এমবাপ্পের বক্তব্য নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, তিনি মূলত ফ্রান্সের কৌশলগত ও কারিগরি ব্যর্থতার কথা তুলে ধরেন। এমবাপ্পে জানান, ফ্রান্স নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি এবং মাঝমাঠে স্পেনের রদ্রি ও ফাবিয়ান রুইজকে অতিরিক্ত সময় ও জায়গা দিয়েছে। পাশাপাশি, ফ্রান্সের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল এবং বল দখলে নেওয়ার পর কারিগরি ভুলের কারণে দলটি স্পেনকে পর্যাপ্ত চাপে ফেলতে পারেনি।
এমবাপ্পে আরও বলেন, বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে কৌশলগত ও কারিগরি দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে জয় পাওয়া সম্ভব নয়। অধিনায়ক হিসেবে পরাজয়ের দায়ও নিজের কাঁধে নেন তিনি। তবে তার ওই ম্যাচ-পরবর্তী বক্তব্যে মেসি, আর্জেন্টিনা কিংবা বিশ্বকাপ ফাইনালে কোনো দলকে সমর্থন করার বিষয়ে আলোচিত মন্তব্যটির কোনো উল্লেখ ছিল না।
এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়েও কথা বলেন এমবাপ্পে। ফ্রান্সের ম্যানেজার হিসেবে দিদিয়ের দেশমের এটি শেষ ম্যাচ হওয়ায় তার জন্য দল সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান তিনি। এমবাপ্পে বলেন, দেশম ফরাসি ফুটবলের জন্য অসাধারণ ইতিহাস লিখেছেন এবং তার শেষ ম্যাচে ভালো খেলে জয় ও তৃতীয় স্থান অর্জনের চেষ্টা করবে ফ্রান্স। আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের পরাজয়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ হয় ইংল্যান্ড।
প্রাসঙ্গিকভাবে, বিশ্বকাপের শুরুর দিকে ইরাকের বিপক্ষে ফ্রান্সের গ্রুপ পর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পে মেসির প্রশংসা করেছিলেন। ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে বলা হয়, বর্তমান সময়ের সেরা আক্রমণভাগের খেলোয়াড় কে, এমন প্রশ্নে এমবাপ্পে বলেন, লিওনেল মেসি স্পষ্টভাবেই সেরা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। মেসি বিশ্বকাপে আরও গোল করবেন বলেও প্রত্যাশা করেছিলেন এমবাপ্পে। তবে একই সঙ্গে তিনি জানান, ব্যক্তিগত রেকর্ড নয়, তার প্রধান লক্ষ্য ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় করা। ওই বক্তব্যেও তিনি মেসি বা আর্জেন্টিনাকে ফাইনালে সমর্থন করার কথা বলেননি।
আলোচিত মন্তব্যটির সূত্রপাত অনুসন্ধানে এক্সে (সাবেক টুইটার) ‘Messi FC World’ নামের একটি অ্যাকাউন্টে একই বক্তব্য সংবলিত সম্ভাব্য প্রথম দিকের একটি পোস্ট পাওয়া যায়। ১৫ জুলাই প্রকাশিত পোস্টটিতে আলোচিত দাবিটি করা হলেও এর পক্ষে কোনো মূল ভিডিও, সাক্ষাৎকার কিংবা সংবাদসূত্র উল্লেখ করা হয়নি। অ্যাকাউন্টটির বায়োতেও এটিকে ‘Parody account’ ও ‘Fan account’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সুতরাং, বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর লিওনেল মেসির দ্বিতীয় বিশ্বকাপ জয়ের কামনায় কিলিয়ান এমবাপ্পে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।

