‘দেশে এখন যারা চাঁদাবাজি করছে এরা বিএনপির কেউ না’ বলে মন্তব্য করেননি মির্জা ফখরুল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে মির্জা ফখরুল বলেছেন, ‘দেশে এখন যারা চাঁদাবাজি করছে এরা বিএনপির কেউ না’। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশে এখন যারা চাঁদাবাজি করছে এরা বিএনপির কেউ না বলে মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

উক্ত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৫ ফেব্রুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। 

‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেইজটি বিনোদনমূলক সংবাদ বিন্যাসে ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলি প্রকাশ করে।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচিত মন্তব্যটি না করলেও জাতীয় দৈনিক আমার দেশ-এর সূত্রে জানা যায়, তিনি ঠাকুরগাঁও-১ আসনের নাগরিকদের চাঁদাবাজি, দখলবাজি বা যেকোনো সমস্যার কথা সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন। এ উদ্দেশ্যে তিনি তার নির্বাচনি এলাকার যেকোনো অপরাধের তথ্য জানানোর জন্য একটি বিশেষ ওয়েবসাইটও চালু করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঠাকুরগাঁও-১ আসনের নাগরিকদের উদ্দেশে তিনি লিখেছেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যেকোনো সমস্যার তথ্য সরাসরি তার ওয়েবসাইটের মাধ্যমে জানাতে।

সুতরাং, ‘দেশে এখন যারা চাঁদাবাজি করছে এরা বিএনপির কেউ না’ শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • আশার আলো – Facebook Post
  • Rumor Scanner’s analysis
Share: